বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগ করলো বাংলাদেশ ক্রিকেট দল।
বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতিবারই ভক্তদের নানা স্বপ্ন দেখান ক্রিকেটাররা। এবারও প্রত্যাশার কথা জানিয়ে বুধবার (১৫ মে) রাত ১:৪৫ টায় ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন টাইগাররা।
বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দরে আসেন। কেউ কেউ বিসিবির গাড়িতে করে স্টেডিয়াম থেকে বিমানবন্দরে পৌঁছান। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বাসে আসেন, তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে রাত ১:৪৫ টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে যাওয়ার আগে বুধবার (১৫ মে) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময় কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও তাদের সঙ্গে ছিলেন।
এদিকে বিশ্বকাপ দলের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লেখেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। ‘Go and kill it champs’ সবসময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’ উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।
বিশ্বকাপের বেশ কিছু দিন আগেই, ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে টাইগাররা আগামী ২১, ২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়াও, ভারত এবং নেদারল্যান্ডসের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে।



No comments